নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবার সমন্বয় করছে আইসিটি বিভাগ

২১ এপ্রিল, ২০২০ ১৭:৩৪  
গ্রাহকের কাছ থেকে বিল মিলছে না। কিন্তু তারপরও থেমে নেই ইন্টারনেট সেবাদাতারা। নিজেদের উদ্যোগে মাঠে ময়দানে নেটওয়ার্ক সচল রাখতেই কেবল ব্যস্ত নয় তারা, সমান তালে এগিয়ে দুস্থদের পাশেও দাঁড়িয়েছন এদের অনেকেই। একক প্রাতিষ্ঠানিক উদ্যোগেই লকডাউনে হোম অফিস, টেলিমেডিসিন সেবা, ই-কমার্স, আউটসোর্সিং ও অনলাইনে বিনোদন সম্প্রচারের প্রাণভোমরাকে সচল রেখেছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়ে প্রতিষ্ঠানগুলো তাদের ফাইবার কর্মীদের স্বাস্থঝুঁকি মোকাবেলার প্রস্তুতি নিয়েই মাঠে সক্রিয় রেখেছেন। আবার দুস্থদের জন্য সাধ্যমত ত্রাণও সরবরাহ করছেন। এমন পরিস্থিতে জরুরী এই সেবার সঙ্গে জড়িত ইন্টারনেট সেবাদাতাদের পাশে থাকার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ইন্টারনেটকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বিটিআরসি, এনটিটিএন, আইএসপি ও এমনওদের ভূমিকাই প্রধান। তবে শুরুতে এদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মাঠে যাওয়ার অনুমতিই ছিলো না। এরমধ্যে আরো বেশ কয়েকটি ইমার্জেন্সি নেটওয়ার্ক অপারেশনের ব্যাপার রয়েছে। সেখানে কিন্তু আমরা আমাদের ফিক্সড ব্রডব্যান্ড, মোবাইল নেটওয়ার্ক এবং স্যাটেলাইট; সবগুলোই আমরা সমন্বয় করছি। যাতে কোনো কারণে একটা বিচ্ছিন্ন হলে আরেকটা তৈরি থাকে। এর বাইরেও এমার্জেন্সি অপারেশন নিশ্চিত রাখা। তিনি আরো বলেন,
কানেক্টিভিটি বলতে কেবল ইন্টারনেট কানেক্টিভিটি নয়, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা-উপজেলার যে সংযোগ এটাকে সচল রাখা। আমাদের ন্যাশনাল ডেটা সেন্টারের মাধ্যমে ই-নথি থেকে শুরু করে যে নেটওয়ার্কগুলো রয়েছে সেগুলো সচল রাখা। সেগুলো আমরা নিয়মিত দেখভাল করছি। এটা কারো একার কাজ নয়। সকলের সঙ্গে সমন্বয় করে আমরা এটা করার চেষ্টা করছি। আইসিটি সচিব মহোদয় এটি নিয়ে কাজ করছেন।